Saturday, 07 July 2012 15:40

চঞ্চল চৌধুরীর চোখে পানি!

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঢালিউড অ্যাওয়ার্ডের আসরে এবারই প্রথম কোনো নাটক মঞ্চস্থ হলো। ‘মাটির কাছে যাই’ শিরোনামের নাটকটি ছিল ১৫ মিনিটের। বৃন্দাবন দাসের লেখা এ নাটকে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। সহশিল্পী হিসেবে ছিলেন শাহনাজ খুশি। 
ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে গত মাসের ৫ জুন ঢাকা ছাড়েন চঞ্চল চৌধুরী। ফিরেন ২১ জুন। ১৫ দিনের এই সফরে নাটকটির তিনটি প্রদর্শনীতে অংশ নেন তাঁরা দুজন।

চঞ্চল চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘নাটকটির প্রথমদিকটা হাস্যরসে ভরপুর। আস্তে আস্তে সিরিয়াসনেস আসে। তখন সংলাপের মধ্য দিয়ে কিছু বার্তা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।’
নাটকের গল্প সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, ‘ঘুম থেকে উঠেই ঝগড়া করা একটি পরিবারের ঘটনা নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। এখানে আমাকে দেবর আর শাহনাজ খুশিকে আমার ভাবি হিসেবে দেখানো হয়েছে।’ 
চঞ্চল আরও বলেন, ‘ঢালিউড অ্যাওয়ার্ডে সাধারণত নাচ-গানের প্রাধান্য থাকে বেশি। এবারই প্রথম নাটক মঞ্চস্থ হয়েছে। আয়োজকেরা প্রথমদিকে কিছুটা চিন্তিত হলেও শেষ পর্যন্ত নাটকটির জন্য সবার কাছে বেশ প্রশংসা পেয়েছে। উপস্থিত দর্শকদের অনেকেই নাটকটি দেখার পর কেঁদে ফেলেন। নাটকটির চিত্রনাট্য এমন ছিল, শেষ দিকে আমাদের চোখেও পানি চলে আসে। সত্যিই এটা এক অন্য রকম অভিজ্ঞতা। না দেখলে বোঝানো সম্ভব না।’

Additional information